নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে।
তিনি বলেন, নির্বাচন কমিশন চায় দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটিই কমিশনের লক্ষ্য।
রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির বহু ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষ দেখা গেছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার।