
২০২৮ সাল পর্যন্ত পাকিস্তান সাংবিধানিকভাবে সুদমুক্ত
পাকিস্তান থেকে ২০২৮ সালের মধ্যে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বিলুপ্ত করা সাংবিধানিক বাধ্যবাধকতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)–এর প্রধান মাওলানা ফজলুর রহমান।
রবিবার করাচিতে বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ী সমাজ চরম উদ্বেগের মধ্যে রয়েছে। স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগ বাড়বে এবং জাতীয় অর্থনীতি শক্তিশালী হবে।
ফজলুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ সম্পদ ও স্থানীয় ব্যবসায়ীদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে, যা বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন না হলে তা সাংবিধানিক লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


