অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে ২৪ মে থেকে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসায় একযোগে এ ছুটি কার্যকর হবে।
তবে শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষে ছুটিতে যেতে পারবে।
সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার ক্লাস শুরু হবে।
সে হিসাবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে।
ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের বিরতি পাচ্ছে।