
হরমুজের বিকল্প তৈরি করে আরামকোর বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিকল্প জ্বালানি সরবরাহ ব্যবস্থা কাজে লাগিয়ে রেকর্ড মুনাফা করেছে সৌদি আরামকো। ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন পূর্ণ সক্ষমতায় ব্যবহার করে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ১২২ বিলিয়ন সৌদি রিয়াল নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বাজারে চাপ তৈরি হলেও বিকল্প অবকাঠামোর কারণে নিরবচ্ছিন্ন তেল সরবরাহ বজায় রাখতে সক্ষম হয়েছে আরামকো।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে নিট মুনাফা ছিল ৯৭ দশমিক ৫ বিলিয়ন রিয়াল। এছাড়া সমন্বিত নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ বিলিয়ন রিয়ালে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ছিল ১১৫ দশমিক ২ বিলিয়ন রিয়াল এবং ফ্রি ক্যাশ ফ্লো ছিল ৬৯ দশমিক ৯ বিলিয়ন রিয়াল। একই সময়ে কোম্পানিটি মোট ৪৫ দশমিক ৪ বিলিয়ন রিয়াল ব্যয় করেছে।
সৌদি আরামকোর প্রেসিডেন্ট ও সিইও আমিন এইচ. নাসের বলেন, জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও কোম্পানির কার্যক্ষমতা শক্তিশালী রয়েছে। তিনি জানান, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বর্তমানে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতায় কাজ করছে।
তার ভাষায়, “এই পাইপলাইন এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ জীবনরেখায় পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি আবারও প্রমাণ করেছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় তেল ও গ্যাসের গুরুত্ব কতটা অপরিহার্য।
কোম্পানির দাবি, অভ্যন্তরীণ অবকাঠামো, আন্তর্জাতিক মজুদ সক্ষমতা ও কৌশলগত বিনিয়োগের কারণেই সংকটের মধ্যেও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে।

